
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবা মো. আব্দুস সালামকে মারধর, জোরপূর্বক কক্ষে আটকে রাখা এবং মেয়ে ও মেয়ের জামাতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলের বিরুদ্ধে। ভরণ-পোষণ না পাওয়ায় দীর্ঘদিন ধরে মেয়ের সংসারে আশ্রয় নেওয়া ওই বৃদ্ধ নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন নুর আলম (৪৭) ও রাতুল হোসেন (৩৩)। তাঁরা সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকার কবরস্থান মসজিদসংলগ্ন এলাকায় বসবাস করেন।
থানায় দেওয়া অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেন, তাঁর দুই ছেলে গত ১০ থেকে ১২ বছর ধরে ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না। এ কারণে মেয়ে সেলিনা আক্তার (৩৬) ও মেয়ের জামাতা সাইদুর রহমান (৩৮) দীর্ঘদিন ধরে তাঁর দেখাশোনা ও ভরণ-পোষণ করে আসছেন।
অভিযোগে বলা হয়, বড় ছেলে নুর আলম দক্ষিণ আফ্রিকায় প্রবাসে থাকাকালে বাবার সব সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিতে কয়েক দফা চাপ দেন। তবে এতে রাজি হননি আব্দুস সালাম। নুর আলম দেশে ফেরার পর থেকে বিভিন্ন অজুহাতে তাঁকে, তাঁর মেয়ে ও মেয়ের জামাতাকে গালাগাল এবং হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সর্বশেষ গত ১০ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে দুই ছেলে আবারও সব সম্পত্তি তাঁদের নামে লিখে দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে চড়-থাপ্পড় মেরে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে মেয়ে সেলিনা আক্তার সেখানে গিয়ে বাবাকে উদ্ধার করেন। এ সময় তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আব্দুস সালাম।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ১১ নভেম্বর দুই ছেলে বাড়ির বৈদ্যুতিক কাটআউট খুলে রাখেন। পরে মেয়ের জামাতা সাইদুর রহমান সেটি ঠিক করতে গেলে তাঁর সঙ্গে বিরোধ বাধে। এ সময় তাঁকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
আব্দুস সালাম জানান, দুই ছেলের এমন আচরণ ও অব্যাহত হুমকিতে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ পরিস্থিতিতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, বৃদ্ধ বাবাকে মারধর, আটকে রাখা এবং সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।