নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে দোকান সরিয়ে নিতে হকারদের ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে ঈদকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ মালামাল থাকার বিষয়টি উল্লেখ করে হকাররা সময়ের আবেদন জানান। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।