
মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সেলিম হোসেন দিপু।
বক্তব্যে সেলিম হোসেন দিপু বলেন, আজকের এই বিদায় শুধু একটি শ্রেণির সমাপ্তি নয়, বরং জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের সূচনা। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, প্রকৃত মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই হবে জীবনের অন্যতম লক্ষ্য।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদায় মানেই শেষ নয়; বিদায় মানেই নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। তোমরা প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে পরিবার, বিদ্যালয় ও দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই প্রত্যাশা।
এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।