
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ টহল ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় মোট ২৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজও চলমান রয়েছে।
সভায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত বছর দুর্গাপূজায় নারায়ণগঞ্জে প্রায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবার নিরাপত্তা আরও জোরদার করে প্রায় ৭৫০ জন পুলিশ সদস্যকে সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত করা হবে।
এ ছাড়া দুর্গাপূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ টহল টিম মাঠে থাকবে। প্রতিমা তৈরির স্থান এবং প্রতিমা মণ্ডপে স্থানান্তরের সময়ও মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগের বিষয় নেই। তবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।