
ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় অটোরিকশার তিন যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
অটোরিকশাচালক মো. সেহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, প্রাইভেটকারচালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়।