
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৮ শতাধিক কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার ৫০টি কিন্ডারগার্টেনের এসব কৃতি শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরা এক মিলনমেলায়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ী এলাকার ‘চেয়ারম্যান বাড়ি রিসোর্টে’ রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে ‘মেধা বৃত্তি ২০২৫ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দিনব্যাপী এ আয়োজন চলে।
অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়ার পর শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের আনন্দ এবং শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়ে ব্রাইট শিশু কানন হাই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রওনক আহমেদ রাশিদ। মেধা বৃত্তির সনদ ও সম্মাননা ক্রেস্ট হাতে পাওয়ার পর আনন্দে মাকে জড়িয়ে ধরে সে। তার মতো শত শত শিক্ষার্থীর হাসি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার জন্য উৎসাহ ও দিকনির্দেশনা দেন। এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া, আবু হোসেন ভূঁইয়া রানু, আবু মোহাম্মদ মাসুম, শামীম ভূঁইয়া, রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার স্বীকৃতি দেওয়া এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।