
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪২) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তার সারোয়ার খান (২০) মামলার ৩ নম্বর আসামি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ ও এসআরবি-১-এর সদস্যরা যৌথভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার সারোয়ার রূপগঞ্জ উপজেলার পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রিপন মিয়া তাঁর ছেলে শাওন ইফাতকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ভোলাব ইউনিয়নের পাইস্কা গ্রামের কলি মার্কেট এলাকায় আমিনুল খানের বাড়ির পাশে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত ব্যক্তিরা বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রিপন মিয়ার মৃত্যু হয়। এ সময় তাঁর ছেলে শাওন দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-১১-এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার সারোয়ার খানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।