
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিম দেও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাদিম হোসেন অপু কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেগাঁও এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপুর বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
ওসি বলেন, ‘অপুর বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্তাধীন, তাই এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।’
তবে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিস্তারিত এবং কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।