নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
শনিবার (১৫ মে) বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওসি সালাউদ্দিন বলেন, সমাজের মানুষ সচেতন হলে মাদক নির্মূল করা সম্ভব। আজ থেকে বরপা শান্তিনগর এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এলাকাবাসী সচেতন থাকলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। একটি এলাকায় খারাপ লোকের সংখ্যা খুব কম থাকে, কিন্তু তাদের কারণেই পুরো এলাকার বদনাম হয়। যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনো অপরাধীকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সাংবাদিক ইসলাম শাহাদাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লোকমান হোসেন, ওমর আলী, আবু তৈয়ব ভূইয়া, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তামজিদ ভূঁইয়া, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।