
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সরকারি সেবার মান উন্নয়ন, জনসেবা সহজীকরণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।