নিউজ ২৪ নারায়ণগঞ্জ
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে হাউলীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এতে সমাজের মুসল্লি, যুবক, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি হাউলীপাড়া গ্রামের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাদকবিরোধী কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা, কমিটির উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা মো. মনির হোসেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি হাসান আলী, মো. আউয়াল, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ বুলবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
মাদকবিরোধী কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী ও রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় সারা দেশে মাদকবিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় হাউলীপাড়া গ্রামবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা।"
কমিটির উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, "মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিক যুদ্ধ ঘোষণা করছি। আমাদের গ্রাম থেকেই এই আন্দোলনের সূচনা। প্রয়োজনে প্রতিটি মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই যুদ্ধ সারাদেশে অব্যাহত থাকবে।"
মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা বলেন, "মাদকের কারণে এলাকার অনেক তরুণ বিপথে চলে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকের থাবা থেকে দেশকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।"
স্থানীয় বাসিন্দারা জানান, ভবিষ্যতেও হাউলীপাড়া সমাজবাসী মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা সভা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তাদের প্রত্যাশা, জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করা সম্ভব হবে।