নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কমিটির সকল নেতৃবৃন্দকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজীত বর্ণাঢ্য আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় মনিরুল ইসলাম সজল বলেন, বিগত সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা আগামী দিনেও রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করবো। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের অবদান দল কখনো ভুলে যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেউ অন্যায়, অপরাধ কিংবা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়াবেন না। যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।
আনন্দ মিছিলে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং নবঘোষিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।