
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি মিষ্টান্ন ভান্ডারের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে পারোটা তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে। দোকানের সামনে একদিকে পারোটা তৈরি করা হচ্ছে, অন্যদিকে পাশেই একটি মৃত বিড়াল পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে খাবারের স্বাস্থ্যবিধি ও মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রাণভল্লব মিষ্টান্ন ভান্ডারের একটি শাখার সামনে পারোটা তৈরির দোকানের পাশেই একটি বিড়াল মৃত অবস্থায় পড়ে আছে।
মৃত বিড়ালটিকে ঘিরে মাছির উপদ্রব দেখা গেলেও দোকানের কর্মচারীরা স্বাভাবিকভাবেই পারোটা তৈরি ও বিক্রির কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ দৃশ্য দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্রুত মৃত প্রাণীটি অপসারণ এবং খাবার প্রস্তুতের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েক বছর আগেও একই এলাকার একটি পারোটার দোকানে অসুস্থ একটি কুকুরকে পারোটা বা রুটি তৈরির তাওয়ার ওপর বসে থাকতে দেখা গিয়েছিল। এবার দোকানের পাশেই মৃত বিড়াল পড়ে থাকার পরও খাবার তৈরি ও বিক্রির কার্যক্রম চলতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “হয়তো বিড়ালটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু মৃত প্রাণীটি পাশে পড়ে থাকা অবস্থায় কীভাবে এমন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”
এ বিষয়ে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য তাদের মোবাইল নম্বর চাইলে তা দেওয়া হয়নি।
তবে স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনারও দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।