নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি। আর বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে যারা কাজ করে, তাদের অধিকাংশই ওই এলাকার চিহ্নিত খারাপ মানুষ।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সোনারগাঁয়ের মানুষ এখন ভয়ের মধ্যে আছে। যদি ওই প্রার্থী নির্বাচিত হন, তাহলে সোনারগাঁয়ের মানুষের শান্তি নষ্ট হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার হবে না, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি বাড়বে, সম্পদ দখল হবে, মাদক ছড়িয়ে পড়বে এবং অন্যায় ও অত্যাচার বৃদ্ধি পাবে।”
গিয়াস উদ্দিন আরও বলেন, “আজ সোনারগাঁয়ে ধানের শীষ প্রার্থীর লোকজন ভোট চাইতে গেলে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে সম্মান করি। আপনারা যদি সম্মান দেন, বড় হয়ে যাবেন; অসম্মান করলে ছোট হয়ে যাবেন।”
তিনি বলেন, “আজ যে আচরণ দেখা গেছে, তাতে সোনারগাঁয়ের মানুষ ছোট হয়নি। বরং সোনারগাঁয়ের ভালো মানুষই প্রমাণ করেছে তারা কারা। আমি সোনারগাঁয়ের মানুষদের প্রতি কৃতজ্ঞ। আমি এমপি হই বা না হই, যতদিন বেঁচে থাকব মানুষের কথা ভুলব না।”
পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, মুসলেহ উদ্দিন সেলিম, বদর উদ্দিন, আলী আজগর, ইব্রাহিম, সালাম মাহমুদ, সোলেইমা প্রধান, হাবিবুর রহমান হবি, হাজী আমির হোসেন, হাজী মুসলেম উদ্দিন, আব্দুল বারেক, কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, শাহ-জালাল কালু, অ্যাডভোকেট ফয়েজ আহমদ, আশিক, শাহ আলম, আরিফ প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।