নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করতে এখনো অনেকে ভয় পান। অনেকেই গোপনে নাম দিতে চান।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর পুল চত্বরে সিদ্ধিরগঞ্জ থানা ও ৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যতদিন গোপনে রাখবেন, তারা তত বেশি গোপনভাবে প্রভাবশালী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে। সে মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ্যে বলতে সমস্যা কী?’
রাজীব আরও বলেন, ‘তাদের সংখ্যা ২০ থেকে ১০০ জন হবে। এর বেশি কিন্তু এই এলাকায় মাদক ব্যবসায়ী বা বিক্রেতা হতে পারে না। আপনারা হাজার হাজার মানুষ কেন গুটিকয়েক মানুষের নাম বলতে ভয় পান?’
তিনি বলেন, গোপনে নাম দেওয়া হলে অভিযুক্ত মাদক কারবারিরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বা ব্যক্তিগত শত্রুতার ফল হিসেবে দাবি করার সুযোগ পায়। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান তিনি।