
মো: মিঠুন মিয়া ; বিশেষ প্রতিনিধি
“মাদক ছাড়ো, খেলাধুলা করো—সুস্থ সুন্দর জীবন গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত পাইকপাড়া প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন–৫ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মুখোমুখি হয় শাহ জালাল একাদশ ও কবীর একাদশ। ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আলী আজগর চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ বিল্লাল মুন্সি, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি; তোফাজ্জল হোসেন, সভাপতি, বারদী ইউনিয়ন কৃষক দল; রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি; বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি নুর মোহাম্মদ, রোস্তম আলী ও আলী হোসেন, জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে পাইকপাড়াসহ পুরো এলাকায় আরও বেশি ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।