
সরকারি গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার বাবা ও মেয়েকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন লাকী আক্তার (৩২) ও তাঁর বাবা আমজাদ হোসেন (৬০)। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাবা-মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন (৬৬) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ২০২১ সালের শুরুর দিকে মেয়ের জামাতা খায়রুল ইসলাম রয়েলের মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের পর লাকী নিজেকে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ থাকার দাবি করেন। জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাবও দেন তিনি।
অভিযোগ অনুযায়ী, নিজাম উদ্দিনের ছেলে, মেয়ে ও ছেলের স্ত্রীর সরকারি চাকরির ব্যবস্থা করার কথা বলে বিভিন্ন সময়ে টাকা নেন লাকী। এ সময় তাঁর বাবা আমজাদ হোসেনও মেয়ের পরিচয় ও চাকরি দেওয়ার সক্ষমতার বিষয়ে ভুক্তভোগীকে আশ্বস্ত করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১০ মে নিজাম উদ্দিনের বাসায় সাক্ষীদের উপস্থিতিতে প্রথম দফায় পাঁচ লাখ টাকা দেওয়া হয় লাকীকে। এরপর বিভিন্ন সময়ে ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় বাবা-মেয়ে মিলে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের আরও একটি গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর নিজাম উদ্দিনের ছেলে আবিদ হোসেনের নামে এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে একটি নিয়োগপত্র দেন লাকী। ওই নিয়োগপত্রে ২০২৬ সালের ১১ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির মহাপরিচালকের কার্যালয়ে যোগদানের নির্দেশনা ছিল। তবে নির্ধারিত দিনে সেখানে যেতে হবে না বলে আবিদকে জানান লাকী।
পরবর্তী চার থেকে পাঁচ মাস আবিদকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে তথ্য সংগ্রহের কাজ করানো হয়। এসব কার্যক্রমকে তাঁর প্রশিক্ষণের অংশ বলে জানানো হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে গত ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় দণ্ডবিধির ১৭০ ও ১৮৬ ধারায় মামলা করা হয়।
ছেলের আটকের পর নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে নিজাম উদ্দিন খোঁজখবর নিয়ে জানতে পারেন, আবিদকে এনএসআইয়ের কোনো ইউনিটে নিয়োগ দেওয়া হয়নি। এরপর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভুল স্বীকার করে অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে বারবার সময় দিয়েও টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ১৩ নভেম্বর টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি ও হুমকি দেন বলে এজাহারে দাবি করেছেন নিজাম উদ্দিন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে লাকী আক্তার ও তাঁর বাবা আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এখন মামলার প্রকৃত ঘটনা, প্রতারণার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা এবং অর্থ লেনদেনের বিস্তারিত তথ্য উদ্ঘাটনে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।