
নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শোকবার্তা:
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আওতাধীন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন।
রবিবার এক শোক বার্তায় মোঃ মিয়া চাঁন বলেন, তিনি কেবল একজন আইনজীবীই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের সুরক্ষা এবং সংবিধান রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের দলের এক অভিভাবক ছিলেন ।
তিনি আরোও বলেন, দেশ ও দলের ক্রান্তিলগ্নে তাঁর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস জুগিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিককে হারালো আর বিএনপি হারালো তার এক অকুতোভয় সেনানিকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। দেশের প্রবীণ এই রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজ্ঞের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।