নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “উনাকে (কাজী মনিরুজ্জামান মনির) দেখে আমি রাজনীতিতে অনেক কিছু শিখেছি। মুক্তিযুদ্ধের সময় থেকে তিনি রূপগঞ্জের মানুষকে আগলে রেখেছেন। এখনো এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। গত কয়েকটি নির্বাচন তিনি করেছেন। এবার নির্বাচনটা আসলে আমার না; নির্বাচনটা আমার চাচাই করছেন। ১৭ বছর পর আমাদের ভোটের অধিকার ফিরে এসেছে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় দিপু আরও বলেন, রূপগঞ্জের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীর সম্মিলিত শক্তিই বিজয়ের মূল চালিকাশক্তি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় কাজী মনিরুজ্জামান মনির বক্তব্যে দিপু ভূঁইয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। উল্লেখ্য, কাজী মনিরুজ্জামান মনির নিজেও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
পথসভার আগে দিপু ভূঁইয়া তারাবো পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন এবং স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে তারাবো পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।