
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়ের বৌভাতের দাওয়াত থেকে ফিরে নিজেদের বসতঘর পুড়ে ছাই হয়ে যেতে দেখেছেন হরিজন সম্প্রদায়ের একটি পরিবারের সদস্যরা। আগুনে একটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি অন্য ঘর থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর থেকে মালামাল সরিয়ে নেওয়ার পর আগুন দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহাসড়কের পাশে টিনের তৈরি ঘরটিতে পরিচ্ছন্নতাকর্মী বাদলের ছেলে নয়ন ডোম পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।
পরিবারের সদস্য সখী মল্লিক জানান, বৃহস্পতিবার নয়ন ডোমের মেয়ের বিয়ে হয়। শুক্রবার সকালে মেয়েকে বিদায় দেওয়া হয়। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেয়ের বৌভাতের দাওয়াতে অংশ নিতে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে তাদের বসতঘরে আগুন লাগার খবর পান।
সখী মল্লিক বলেন, এলাকার লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তিনটি ঘরের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্য একটি ঘরের জিনিসপত্রও খোয়া গেছে।
তিনি অভিযোগ করে বলেন, ঘরে থাকা ১০ হাজার টাকা, ছেলের রূপার চেইনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার পর আগুন দেওয়া হয়েছে। আগুনে খাটসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। এখন সেখানে শুধু পোড়া টিন ও কাঠ পড়ে আছে।
ঘটনার সময় বাড়িতে না থাকায় আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নন জানিয়ে সখী মল্লিক বলেন, তারা বাড়ি ফেরার আগেই আগুন লাগার খবর পান। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, আগুন দেখতে পেয়ে সবাই মিলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিয়ে তা নেভানোর চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নয়ন ডোমের স্ত্রী সুমি রানি বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। ঘরের একটা গ্লাসও পর্যন্ত পাইনি। বাচ্চাদের পরানোর কাপড় নেই, এক গ্লাস পানি খাওয়ার মতো জিনিসও নেই। গত রাত ১২টার পর থেকে রাস্তায় বসে আছি। এমন বিপদে পড়েছি, কোথায় যাব, কী করব বুঝতে পারছি না।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীরা লুটপাটের অভিযোগ করেছেন। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।