
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি শ্রমজীবী নারীদের আবাসন, চিকিৎসাসেবা এবং কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কমপ্লেক্সটি পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেন মন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, হামলার পর থেকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়ম প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, যদিও এটি তাদের নির্ধারিত কাজ নয়। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।