
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মনি ওরফে মরনীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।