নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বন্দরে মরিয়ম আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকা থেকে ওই ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
আত্মহত্যাকারী গৃহবধূ মরিয়ম আক্তার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাঁশেরগাও এলাকার মিন্টু দাসের মেয়ে ও আরিফ হোসেনের স্ত্রী। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ৭টায় উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থাগ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত আছে।