
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১৩ জন, চুরি মামলার এক আসামি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। এ ছাড়া আগের একটি চুরি মামলার এক আসামি এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।