
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা ঢাকেশ্বরী বাজারে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঢাকেশ্বরী বাজারের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর বন্দর থানাধীন মালামত সাকিন এলাকায় মামুন ডাকাতের বাড়ির সামনে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান সোনাচরা এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম ফজলুল হক।
অভিযানের সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।