নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির আওতায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বন্দর থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় বন্দর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। মাদক কারবার ও সেবন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।