নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী দুইজনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে দুইজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক নেতৃত্ব দেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন, ছিনতাই প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বন্দর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মাদকদ্রব্য সেবনের অভিযোগে দুইজনকে এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।