
নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মোঃ মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে। এ সময় তাঁর সঙ্গে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ভোররাতে বন্দর থানাধীন সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে মোঃ রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্রসহ মোঃ মামুন (৪৬), মোঃ মুক্তার হোসেন (৫০) ও রিয়াদ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই বন্দর থানার সোনাচড়াবাগ এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এসব অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে তাঁরা নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্র মজুত রেখেছিলেন বলেও জানান।
অভিযানকালে তাঁদের কাছ থেকে তিনটি ছোরা, তিনটি চাপাতি, একটি রামদা, কাঠের বাটযুক্ত দুটি ছেনি, এসএস পাইপের তৈরি একটি নিউ চাইনিজ কুড়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি টেকনো স্পার্ক ৪০ মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন মূল্যমানের নোট মিলিয়ে মোট ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোঃ মামুনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।