নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলাধীন হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় হাজীপুর এলাকার পূর্ব হাজীপুর কবরস্থান রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী (৪০) হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ছিলেন। তিনি মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে এবং পূর্ব হাজীপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের লোহার পাইপ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আহমদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে আরও দুইজন আহত হন। আহত জুয়েলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।