
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা অনুযায়ী অভিযানে লক্ষণখোলা ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। এ সময় বন্দর থানা পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।