
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামতলা এলাকার হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নেতা।
মাওলানা ফেরদাউসুর রহমানের অভিযোগ, ছাত্রদল কর্মী অনিক ও তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন তাঁকে ঘিরে ধরে মারধর করেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনার অভিযোগও তুলেছেন তিনি।
হামলার কারণ সম্পর্কে ফেরদাউসুর রহমান বলেন, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে তিনি কাজ শুরু করার পর তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এসব দাবিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি তাঁর।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানাবেন।
অন্যদিকে, হামলার ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন আজিজুল ইসলাম রাজীব। এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তাঁর সঙ্গে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনো কোনো কথা হয়নি। কেন ফেরদাউস সাহেব আমার নাম বলছেন বা কার প্ররোচনায় বলছেন, সে বিষয়ে উনিই বলতে পারবেন।’
হামলার বিষয়ে রাজীব বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে তাঁর ওপর হামলা হয়েছে। তবে কেন হয়েছে, সেটি বলতে পারছি না।’
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান। তবে হামলার প্রকৃত কারণ ও এতে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।