নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ভাষা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, তার আগের দিনের বক্তব্যে অনেকেই কষ্ট পেয়েছেন বলে তাকে মেসেজ দিয়েছেন। যারা তার বক্তব্য ভুল বুঝেছেন, তাদের উদ্দেশেই তিনি বিষয়টি স্পষ্ট করছেন।
স্ট্যাটাসে রাজীব উল্লেখ করেন, বাংলা ভাষা বরাবরই সমৃদ্ধ ও উদার। যুগ যুগ ধরে ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু ভাষার অসংখ্য শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। বিষয়টি তিনি কোনোভাবেই অস্বীকার করেন না।
তবে তার মূল বক্তব্য ছিল শব্দের মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। ১৯৫২ সালের ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া মাতৃভাষার প্রতি গভীর আবেগ থেকেই তিনি মনে করেন—প্রতিবাদের ভাষা হিসেবে বাংলার নিজস্ব শব্দগুলো বেশি শক্তিশালী ও যথাযথ।
তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট শব্দ বা ভাষার প্রতি বিদ্বেষ নয়; বরং একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলা ভাষার স্বকীয়তাকে অগ্রাধিকার দেওয়াই ছিল তার বক্তব্যের উদ্দেশ্য।
রাজীবের ভাষ্য অনুযায়ী, নিজের ভাষাকে বেশি ভালোবাসা বা গুরুত্ব দেওয়া মানে অন্য ভাষা বা কাউকে ছোট করা নয়। এটি মূলত দেশপ্রেম ও ভাষাপ্রেমের বহিঃপ্রকাশ।
এখানে বিতর্কের চেয়ে বরং নিজ নিজ শব্দভাণ্ডারের শেকড় খুঁজে দেখার আহ্বানই মুখ্য বলেও তিনি উল্লেখ করেন।