
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ সদর উপজেলাকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যব্যবস্থার আওতায় আনা এবং তিনটি মডেল বাজারে উন্নীত করার লক্ষ্যে খাদ্যপণ্যের গুণগত মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে ফতুল্লা বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষায় খাদ্যদ্রব্যে ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা ও জরিমানা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে প্রচলিত আইন এবং স্বাস্থ্যসম্মত মানদণ্ড অনুসরণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।