
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রিভার বর্ডার (এসআরবি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ভায়লা এলাকার আশরাফ হাওলাদারের ছেলে।
এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বরে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত আসাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি এ মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এসআরবি-১১ ও এসআরবি-১০-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।