
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ওই নারীর পূর্ববর্তী অপরাধের তথ্য যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে আসমা বেগমকে আটক করা হয়। তিনি সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে চার কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া নারীর পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।