
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউসুফ (২৩) নামে এক যুবক। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন। আট মাস আগে বিয়ে করা ইউসুফের স্ত্রী নাহিদা ইয়াসমিন বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রীকে নিয়ে তিনি ফতুল্লার শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টস-সংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের শাশুড়ি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় পাশের শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলীর ধারণা, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত এলাকায় কৃষক দল নেতা জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষের জের ধরে রাতের এ হামলার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন। হামলার দৃশ্য ভিডিও ধারণ করায় ইউসুফকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আদালত এলাকায় সংঘর্ষের জেরে হামলার অভিযোগ
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে কৃষক দল নেতা জুয়েল আরমান ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ কয়েকজন নেতাকর্মী। এ সময় পাশের একটি গলিতে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি দেলোয়ার ওরফে দেলু ডাকাতকে দেখতে পেয়ে তাঁকে ধরতে এগিয়ে যান তাঁরা।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দেলু, তাঁর দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদারসহ ২০ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও কাঠের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এতে জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম ও সোহেলসহ সাত থেকে আটজন আহত হন। জুয়েল আরমানের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুরের ওই সংঘর্ষের কয়েক ঘণ্টা পর রাতেই দেলুর বাড়িতে হামলা এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করতে গিয়ে ইউসুফের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।