
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
মাদরাসার শিক্ষক আজিজুর রহমান জানান, অসুস্থ শিক্ষার্থীরা সবাই ওই প্রতিষ্ঠানের কিতাব বিভাগের ছাত্র।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, লাইব্রেরিতে আগুন লাগার পর ভবনের ভেতরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হন অনেকে। পরে মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল (১৫), মাহফুজ (১৮) ও আবু বক্করের (২১) নাম জানা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।