নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে চাষাড়া রেলস্টেশন, নির্মাণাধীন প্ল্যাটফর্ম এবং নরসিংহপুর সানির মাদক স্পট এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়।
আটকরা হলেন—মো. আজিজ (৩৩), মো. মোশারফ (১৯), মো. রাসেল (২৮), মো. সুজন (২১), মো. বিজয় (১৯), মো. ইব্রাহিম (৩৫), মো. আলামিন (২৫), মো. রবিন (২৭), মো. রাজন (২০), মো. জিসান (২৫), মো. ফরিদ (২০), ফজর আলী (৪০), মিনহাজ (১৯), তানজিল (২৪), মো. ইমরান (১৯), মো. মারুফ (১৯), মো. জনি (২৫) এবং তুষার বার (১৮)।
পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক ১৮ জনের সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ১৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অপর একজনকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।