
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে একটি এক্সকাভেটর (ভেকু) কাটার মেশিন দিয়ে কেটে খণ্ড-বিখণ্ড করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপনের বিরুদ্ধে। এ ঘটনায় শিপনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সাইদুল ইসলাম।
অভিযোগে অভিযুক্ত অন্যরা হলেন—আব্দুল মোতালেব হোসেন, শাহিন ও শান্ত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ও তার ব্যবসায়িক অংশীদার মো. অলিউল্লাহ (৪৫) দীর্ঘদিন ধরে ফতুল্লার নবীনগর ঘাট এলাকায় ভাড়ায় এক্সকাভেটর (ভেকু) পরিচালনা করে আসছিলেন। প্রায় এক বছর ধরে ভেকুটির কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ১৩ লাখ টাকা মূল্যের এক্সকাভেটরটি বক্তাবলী ফেরিঘাটসংলগ্ন জাকির মিয়ার ইটভাটায় রাখা হয়েছিল।
সাইদুল ইসলামের অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর রাতে আলাউদ্দিন খন্দকার শিপনসহ অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন ওই স্থানে যান। পরে তারা কাটার মেশিন ব্যবহার করে ভেকুটিকে একাধিক অংশে কেটে খণ্ড-বিখণ্ড করেন। এরপর ওই খণ্ডিত অংশগুলো অন্যত্র নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়টি জানতে পেরে সাইদুল ইসলাম অভিযুক্তদের কাছে ভেকুটি কেটে ফেলার কারণ জানতে চান এবং ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড তার মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।