
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সোয়েটার কারখানার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকার শিবু মার্কেট বাসস্ট্যান্ড সংলগ্ন প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এয়ার রাইফেলটি উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, উদ্ধার করা এয়ার রাইফেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির মালিকানা এবং কীভাবে সেটি ওই এলাকায় এসে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।