নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লার পাগলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হয়েছে। এ সময় দুʼটি শিল্প ও কয়েকটি আবাসিক সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানাও করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা নেতৃত্ব দেন।
তিতাস গ্যাস কোম্পানি ও পুলিশ সদস্যরা এতে সহযোগিতা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পাগলার তালতলা এলাকায় আব্দুল হাফেজ নামে এক ব্যক্তি আটটি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন নষ্ট করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
একই অভিযানে উত্তর ভূইগড় এলাকায় অবস্থিত বন্ধন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস-এ অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে পরিদর্শন করা হয়। সেখানে অবৈধ সংযোগের অস্তিত্ব পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করে উৎস লাইন বন্ধ করা হয়।
এছাড়া নিউ হাজীগঞ্জ এলাকায় নূর এন্টারপ্রাইজে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া গেলেও সংযোগের উৎস শনাক্ত করা যায়নি। তবে পাশ্ববর্তী এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের কারণে একটি আবাসিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়েছে।