
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাসেদ ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ভূঁইয়া বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাসেদ ভূঁইয়া ফতুল্লা মডেল থানার ভূঁইগড় এলাকার ভূঁইয়া বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জেলা কৃষক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভূঁইগড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভূঁইয়া বাড়ির সামনের সড়ক থেকে বাসেদ ভূঁইয়াকে আটক করা হয়। পরে তাঁকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ বাসেদ ভূঁইয়াকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। তিনি কৃষক লীগের কোন পদে রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কৃষক লীগের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।