
নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানার শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি ‘ক’ জোনের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন—নওগাঁ জেলার আত্রাই থানার ব্রজপুর গ্রামের সায়েম সরকারের ছেলে রকি সরকার ওরফে নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইন থানার আসনপুর গ্রামের সাহাবুলের ছেলে আজমান ওরফে লেম্বর (২৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রায়হান (২৩)। তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের একটি গ্রুপের সঙ্গে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া মিলন, সাজিদ ও শান্তদের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও তারা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৬টি রামদা, ৩টি তলোয়ার, ২টি ছুরি, ১টি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি ২টি কুড়াল এবং ২টি এসএস পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর-৭৭, তারিখ ২৪ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।