নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাস্তার পাশের ঝোপে একটি বস্তা দেখতে পেয়ে সেটি খুললে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ পাওয়া যায়।
এসআই মিলন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে রাতের কোনো একসময় ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।