
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (কনস্টেবল নং-১৭৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে হাশেমবাগ এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল আনোয়ার মোল্লাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফতুল্লা থানার মামলা নম্বর-৬৭, তারিখ ২৩ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩৩, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই মো. রফিক, বিপিএম।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ৮ বছর ৯ মাস দায়িত্ব পালন করেছেন। তাঁর পিতার নাম জওন মোল্লা এবং মাতার নাম হাবিয়া বেগম। তাঁর গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার দত্তখন্ড এলাকায়।
কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।