
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে পিলারের বাইরের কংক্রিটের অংশ খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। এ ঘটনায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত পিলারের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় পিলারটির পাশে থাকা একটি জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট ও একটি একতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থাপনাগুলো পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনের তীব্র তাপে পাশের রেলপথের পিলারটিও ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডে জুতার কারখানাটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া প্লাস্টিকের জুতা ও বিভিন্ন সামগ্রীর ধ্বংসাবশেষ। আগুনের তাপে আশপাশের ভবন ও দেয়ালও কালচে হয়ে গেছে।
পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের দিনই পিলারটি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় প্রকল্প কর্তৃপক্ষ। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শন করেছে রেল কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলও। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান ও রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান বলেন, ‘আমরা পিলারটি পরিদর্শন করেছি। এখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। তারপরও দু-তিন দিনের মধ্যে টেকনিক্যাল টিম এসে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর পিলারটি সংস্কার করা হবে।’
তিনি আরও জানান, পিলারের পাশের রাস্তা দিয়ে অবৈধভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হবে। এসব যানবাহন নির্ধারিত রাস্তা ব্যবহার করে চলাচল করবে।
স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে থাকা একতলা মার্কেটের একটি দোকানে জুতা তৈরি করা হতো। সেখানে উৎপাদিত প্লাস্টিকের স্যান্ডেল এবং উৎপাদন শেষে অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হতো। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. সেন্টু বলেন, ‘চিল্লাচিল্লি শুনে ঘটনাস্থলে এসে দেখি বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে। প্লাস্টিকের আগুন হওয়ায় আমাদের পক্ষে তা নেভানো সম্ভব ছিল না। পরে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।’
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, ঘটনাস্থলে প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। অতিরিক্ত তাপমাত্রার কারণে কংক্রিটের পিলারের বাইরের অংশ খসে পড়ে এবং ভেতরের রড বেরিয়ে আসে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। স্থানীয় এক নিরাপত্তাকর্মীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এ সন্দেহের কথা জানান। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক বিষয় অনুসন্ধানে ঘটনার পরপরই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পিলারটির প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছর ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৮৪ থেকে ৯১ নম্বর পিলারের আশপাশ থেকে মাটি কাটার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল। পিলারের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিলে জেলা প্রশাসন কাজ বন্ধ করে সংশ্লিষ্ট অনুমোদনের কাগজপত্র তলব করে।
তবে সে সময় রেলপথ মন্ত্রণালয় ও প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, নির্মাণকাজের জন্য অস্থায়ীভাবে ভরাট করা জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে নিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাটি সরানো হচ্ছিল। এতে রেল সেতুর কাঠামোগত কোনো ঝুঁকি নেই বলেও তাঁরা আশ্বস্ত করেছিলেন।