
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফিরোজ মিয়া আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাদের মধ্যে মামাতো-ফুফাতো ভাইয়ের সম্পর্ক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ফিরোজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফিরোজ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।