
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভোলাইল, কাশীপুর ও ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘন করে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য উৎপাদন ও বিক্রিতে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।