
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ নগরীর ৫ নম্বর টার্মিনাল ঘাট, যা দশমীঘাট নামে পরিচিত, পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় বিসর্জন ঘিরে ঘাট এলাকার পরিচ্ছন্নতা, জননিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি ঘাটটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
পরিদর্শনকালে আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ঘাট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বিসর্জন চলাকালে জনসাধারণের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পূজারীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।