
সাহসিকতা, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছেন।
গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পদক দেওয়া হচ্ছে।
মাদারীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. হাবিবুর রহমান। এসব কর্মকাণ্ডে তাঁর নেতৃত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই পিপিএম-সেবা পদকের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার কথা রয়েছে। ক্যাটাগরিগুলো হলো—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।
মো. হাবিবুর রহমান ২৪তম বিসিএসের কর্মকর্তা। যশোরের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি মাদারীপুর, মাগুরা ও ফেনী জেলার পুলিশ সুপার এবং বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এরপর নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পর যানজট নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মতো বিষয়গুলোতে জেলা পুলিশের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন এসপি হাবিবুর রহমান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “স্যার অত্যন্ত পেশাদার ও মানবিক একজন কর্মকর্তা। তিনি মাঠপর্যায়ে থেকে নেতৃত্ব দেন। তাঁর পিপিএম-সেবা প্রাপ্তি নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্যও গর্বের।”
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মনোনীত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেওয়ার কথা রয়েছে।